স্টাফ রিপোর্টার | ১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুন্দর ও গ্রহণযোগ্য হয়—সে জন্য তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট—দুটিই একই দিনে অনুষ্ঠিত হবে। আমরা চাই এই নির্বাচন নির্বিঘ্ন হোক এবং জনগণের আস্থা অর্জন করুক।”
তিনি জানান, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। “প্রিয় দেশের স্বার্থে অতীতেও আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও ইনশাআল্লাহ দেশের স্বার্থেই আমরা সবাই একসাথে কাজ করব,” বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। “তারেক রহমান সাহেবসহ বিএনপির নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও সেই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি,” বলেন ডা. শফিকুর রহমান।
দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, “আগামী পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলে কি ভালো কোনো সমাধানে পৌঁছানো যায়—সেটা আমাদের সবাইকে ভাবতে হবে।”
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের ফল ঘোষণার পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাআল্লাহ একসাথে বসব। খোলামনে আলোচনা করব, জাতির জন্য চিন্তা করব এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”
শেষে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি ও পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, সেই জায়গার ওপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি— এ জন্য আপনাদের সবার দোয়া কামনা করছি।”
তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।





