স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে “হ্যাঁ” জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না। গত ১৬ বছর নির্বাচনের নামে যেসব প্রতারণা করা হয়েছিল, সেগুলোর পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, অতীতে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী শক্তি এই ব্যবস্থাকে বাতিল করে দেয়। তবে এবারের গণভোটে জনগণ সম্মতি দিলে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালু হবে।
সোমবার রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহী বিভাগের ইমামদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে দুর্নীতি ও লুটপাট এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। এসব বন্ধ করতে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান প্রয়োজন। কিন্তু দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবারের গণভোট পূর্ববর্তী গণভোটগুলোর চেয়ে ভিন্ন। অতীতে ক্ষমতায় থাকা সরকার নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য গণভোট করেছিল। কিন্তু ২০২৬ সালের গণভোটে কেউ ক্ষমতায় থেকে নয়, বরং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাই জনগণের রায় বাস্তবায়ন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, গত ১৬ বছর দেশ একটি দানবীয় ব্যবস্থার মধ্য দিয়ে গেছে। স্বাধীনতার পর অর্জিত অনেক কিছুই ওই সময়ে ধ্বংস করা হয়েছে। তাই এবারের গণভোট রাষ্ট্র সংস্কারের গণভোট।
তিনি বলেন, এই গণভোট ব্যর্থ হলে কার্যত আমাদের স্বাধীনতার স্বপ্নও ব্যর্থ হবে।
সম্মেলনের সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, গণভোটের মাধ্যমে দেশ পরিবর্তনের পথে এগোলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ঋণ শোধ হবে।





