ব্যালট পেপার সংক্রান্ত প্রশ্নের স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন: আমির খসরু

নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে সরকারের, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত দায়িত্ব জোর দিয়ে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা

স্টাফ রিপোর্টার | ১৫জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


ব্যালট পেপারের বিতরণ ও অনিয়ম সংক্রান্ত প্রশ্নের স্বচ্ছ ব্যাখ্যা ও প্রতিকার আনার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু।

তিনি বলেন, “যারা ব্যালট পেপার তৈরি করেছেন, তারা এ বিষয়ে ভালোভাবে উত্তর দিতে পারবে। বিশেষ করে বিএনপির ‘ধানের শীষ’ চিহ্ন কেন ভেসে যাচ্ছে বা কোথায় যাচ্ছে—এর উত্তর তারা দিতে সক্ষম। শুধু উত্তর নয়, এর প্রতিকারও তারা আনবেন যাতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না থাকে।”

আমির খসরু আরও বলেন, “বাংলাদেশের মানুষ গত ২০ বছর ধরে চারটি নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যাতে তাদের ভোট এবং প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত হয়। এই মুহূর্তে প্রশ্ন উঠলে এটি সুষ্ঠু বিষয় নয়। আমরা আশা করি, এসব সমস্যা সমাধান করা হবে।”

তিনি বলেন, “নিরাপত্তাহীনতার যে প্রশ্ন উঠতে পারে, তার দায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমরা চাইলে সহযোগিতা করবো। বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

বিএনপির এই নেতা বলেন, “যত বেশি সুষ্ঠু হবে নির্বাচন, তত বেশি জনগণের অধিকার নিশ্চিত হবে। সরকারের দায়িত্ব, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দায়িত্ব—সব সংস্থার দায়িত্ব হলো যাতে কোনো প্রশ্নবুদ্ধ না থাকে। যদি কোনো ভুল-ভ্রান্তি থাকে, তা এখনই সামনে তুলে ধরা উচিত। নির্বাচন কমিশনকে এটি স্বচ্ছভাবে জনগণের কাছে উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, “এটি বিতর্ক নয়—এটি একটি সমাধান প্রক্রিয়া। জনগণের সামনে স্পষ্টভাবে প্রতিকার তুলে ধরলেই জনগণ বুঝতে পারবে কিভাবে সমস্যার সমাধান করা হয়েছে।”