স্টাফ রিপোর্টার | ১৭ইজানুয়ারি ২০২৬
নিউজ চ্যানেল বিডি
জামাত ইসলামের আহসানুল মাহাবুব জুবায়ের জানিয়েছেন, ১১ দলের জোটের নির্বাচনী প্রস্তুতি চলমান রয়েছে। তিনি বলেন, ১০ দলের জন্য আসন বরাদ্দ এবং চেয়ার রাখার পাশাপাশি প্রায় ১৯টি মৌলিক বিষয়ে পলিসি পেপার তৈরি ও প্রেজেন্টেশনের কাজ চলছে। জোটের নির্বাহী কমিটির সদস্য এবং বিশেষজ্ঞ টিমরা আজ এই প্রেজেন্টেশন করছেন। শেষ চূড়ান্ত প্রেজেন্টেশন আগামী ২০ জানুয়ারি উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, কিছু সাংগঠনিক সিদ্ধান্তও আজকের আলোচনার মধ্যে রয়েছে। ২২ জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী সফর শুরু হবে। ঢাকা মহানগরে সময় দেবেন নেতৃবৃন্দ এবং ২৩-২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর সম্পন্ন হবে। বাকি সফরের খসড়া প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে এবং তা চূড়ান্ত হয়ে গণমাধ্যমে জানানো হবে।
ম্যানিফেস্টো প্রকাশের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারণ করা হয়েছে। আনুমানিক তারিখ ১ ফেব্রুয়ারি, তবে সুনির্দিষ্ট সময় ও স্থান পরে জানানো হবে।
এক প্রশ্নের উত্তরে জুবায়ের বলেন, সম্প্রতি একটি মামলার বিষয়েও আমরা বিবৃতি দিয়েছি। এই মামলার নিন্দা জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, আন্দোলনরত ১০ দলের নির্বাচনী ঐক্য প্রক্রিয়ার জন্য একটি লিয়াজো কমিটি দায়িত্বপ্রাপ্ত। এই কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং প্রস্তাবনা শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থাপন করবে। ৪৭টি আসন নিয়ে স্টিয়ারিং কমিটি প্রস্তাবনা তৈরি করবে এবং শীর্ষ নেতৃবৃন্দের কাছে জমা দেবে।
জুবায়ের স্পষ্ট করে বলেন, আসন বরাদ্দের বিষয়ে এখনও সময় আছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ার পর নেওয়া হবে।





