স্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে গুলশান চেয়ারম্যান অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হক।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিয়মিত মতবিনিময় হচ্ছে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। পারস্পরিক সম্মান (Mutual Respect) এবং পারস্পরিক স্বার্থ (Mutual Interest) বজায় রেখে যেসব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের উপকার হবে—সেসব দেশের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলে তারেক রহমানকে ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। ২৫ তারিখের “ঐতিহাসিক রিটার্ন”-এর পর কূটনৈতিক প্রতিনিধিরা বাংলাদেশের জনগণের মনোভাব এবং রাজনৈতিক বাস্তবতা জানতে আগ্রহ দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, এর আগে নিউ স্টেট রিপ্রেজেন্টেটিভ এবং এম্বাসেডর জেমিসন গ্রিয়ার-এর সঙ্গেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠক করেছেন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিভিন্ন দেশের কূটনৈতিকদের আগ্রহে এসব সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান বিএনপি যুগ্ম মহাসচিব।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বৈঠকগুলোতে নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা, উন্নয়ন অংশীদারত্ব এবং পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় নিয়েই মূলত আলোচনা হয়েছে।
গণতন্ত্র প্রতিষ্ঠা বিষয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষই। বাইরের কেউ এসে বাংলাদেশে কাউকে বসিয়ে দেবে না। জনগণের ভোটের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক সরকার গঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক অংশীদাররা উন্নয়ন সহযোগী হিসেবে বিনিয়োগ, দক্ষতা এবং পার্টনারশিপে সহযোগিতা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের সম্ভাব্য সফরসূচি প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, বিষয়টি দলের দপ্তর থেকে সময়মতো জানানো হবে এবং কিছুদিনের মধ্যেই সফর কার্যক্রম শুরু হতে পারে।
বৈঠক এবং বক্তব্য সম্পর্কিত তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল সদস্য শাহিরুল কোবির খান।





