জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিস্তা প্রকল্প ও বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নির্মাণ নিয়ে আলোচনা, নির্বাচন সফল করতে শুভকামনা

স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন আজ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ এবং প্রস্তাবিত ‘বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল’ নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়। এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য শুভকামনা জানান।

দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে এই সহযোগিতাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।