স্টাফ রিপোর্টার২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
অস্ত্র উদ্ধারের অভিযানে র্যাবের এক সদস্য নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আখতার হোসেন। তিনি বলেন, গতকাল মিরপুরে সংঘটিত হতাহতের ঘটনাসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত করছে।
আখতার হোসেন বলেন, আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাকালে যেন কোনো প্রার্থী বা সাধারণ ভোটার হাদি ভাইয়ের মতো পরিণতির শিকার না হন, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনী প্রচারণার সময়েই সাধারণ মানুষের ওপর নিপীড়ন, ভয়ভীতি ও প্রলোভনের ঘটনা বেড়ে যায়।
তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে একটি নতুন প্রবণতা হিসেবে ‘মামলা বাণিজ্য’ দেখা যাচ্ছে, যেখানে রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও তিনি মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের প্রত্যাশা স্পষ্ট—অবৈধ অস্ত্র যেন কোনোভাবেই মাঠে না থাকে এবং যেকোনো ধরনের সংঘাত প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই যেন প্রার্থী, ভোটার কিংবা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সরকারের এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।





