বাধা দিলে কঠোর জবাবের হুঁশিয়ারি

ঢাকা-১১ আসনে শাপলাকলির পক্ষে ভোট ও গণভোটে ‘হা’ ভোটের আহ্বান নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের অপচেষ্টার প্রতিফলন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের রায়ে দেখা যাবে।

একটি নির্বাচনী সভায় নাহিদ ইসলাম বলেন, “আমাদের ভাই-বোনদের যদি ১১ দলীয় প্রার্থীদের চলার পথে বাধা দেওয়া হয়, তাহলে আমরা বসে থাকবো না। কঠোর হস্তে এর জবাব দেওয়া হবে এবং সেই জবাব ভোটের রায়ে প্রতিফলিত হবে।”

তিনি জানান, ঢাকা-১১ আসনের প্রতিটি এলাকায় গিয়ে স্থানীয় সমস্যাগুলো সরাসরি চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে দীর্ঘদিনের গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ৫ আগস্টের পর নতুন করে শুরু হওয়া চাঁদাবাজি, নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদক কারবার।

নাহিদ ইসলাম বলেন, “অল্প বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট ভাঙাচোড়া অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারের নামে বিভিন্ন সময়ে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, এলাকায় থাকা স্কুল, কলেজ ও হাসপাতালে নাগরিক সুবিধা ঠিকমতো পাওয়া যায় না। স্কুলগুলোতে ভর্তি বাণিজ্যের অভিযোগ রয়েছে, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

খেলাধুলার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “এলাকায় খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ নেই, নেই পর্যাপ্ত মাঠ। রামপুরা খালের বর্তমান অবস্থা আপনারা সবাই দেখেছেন। সেখানে পরিবেশ বলতে কিছুই নেই। এতে জলবায়ু ও পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “এই এলাকার অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ আমরা নতুন করে ফিরিয়ে আনবো। ঢাকা-১১ আসনকে গড়ে তুলবো একটি নিরাপদ ও আধুনিক অঞ্চল হিসেবে, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, সন্তানরা শিক্ষায় এগিয়ে যাবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাপলাকলিকে সংসদে পাঠালে ১১ দলীয় জোটের প্রতিনিধিরা জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, “সংসদ নির্বাচনের পাশাপাশিই গণভোট রয়েছে। আমরা গণভোটে ‘হা’ ভোট দেব। ১১ দলীয় ঐক্য ‘হা’ ভোটের পক্ষে। ‘হা’ ভোট হলে দেশে প্রয়োজনীয় সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি ও বৈষম্য কমে আসবে।”

শেষে নাহিদ ইসলাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কারো কথায় বিভ্রান্ত না হয়ে দল-মত নির্বিশেষে ‘হা’ ভোটের পক্ষে থাকবেন, ১১ দলের পক্ষে থাকবেন এবং ঢাকা-১১ আসনে শাপলাকলিকে জয়যুক্ত করবেন।”