নোয়াখালীতে কেন্দ্র দখলের আশঙ্কা, প্রতিরোধের আহ্বান রাশেদ প্রধানের

ছয় আসনে দাড়িপাল্লা ও শাপলা প্রতীকের প্রার্থীদের জয়ী করার ডাক

স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

নোয়াখালীতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কেন্দ্র দখলের আশঙ্কা তুলে ধরে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন রাশেদ প্রধান। তিনি বলেন, “১১ তারিখ রাত থেকে ১২ তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রস্তুত থাকতে হবে। কেউ কেন্দ্র দখল করতে এলে রুখে দাঁড়াতে হবে।”

সমাবেশে তিনি নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে চারটিতে দাড়িপাল্লা ও দুইটিতে শাপলা প্রতীকের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তার ভাষায়, “এই ছয়টি আসন আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে উপহার দিতে হবে।”

রাশেদ প্রধান আরও বলেন, তারা শান্তি ও সাম্য চান। তবে প্রতিপক্ষের পক্ষ থেকে আঘাত এলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার প্রস্তুতি থাকার কথাও জানান তিনি।

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করেন এবং অতীতের নির্বাচনে কারচুপির অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের হাতেই থাকতে হবে।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন রাশেদ প্রধান।