ঋণ খেলাপী ও ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে এটি জনগণের লড়াই: হাসনাত আব্দুল্লাহ

মনজুরুল হাসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রাখল আপিল বিভাগ; ‘আইনের পথে থাকলে শেষ পর্যন্ত জনগণেরই বিজয়’

স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এটি কোনো ব্যক্তিগত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে লড়াই নয়, বরং ঋণ খেলাপী ও ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই। তিনি দাবি করেন, এই আইনি লড়াইয়ের মাধ্যমে সারা দেশে একটি বার্তা গেছে যে ন্যায় ও আইনের পথে থাকলে শেষ পর্যন্ত জনগণেরই বিজয় হয়।

তিনি জানান, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল হাসান মুন্সীর প্রার্থিতা নির্বাচন কমিশন প্রথমে বাতিল করে। পরে হাইকোর্ট বিভাগে রিট করা হলেও সেটি খারিজ হয়। সর্বশেষ আপিল বিভাগেও তার আবেদন খারিজ হয়েছে। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংশ্লিষ্ট প্রার্থী তিনটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্কের ঋণ খেলাপী ছিলেন। এর মধ্যে একটি বেসরকারি ব্যাংকে ৯৪ কোটির বেশি, আরেকটি আর্থিক প্রতিষ্ঠানে ৩৬ কোটির বেশি এবং অন্য একটি প্রতিষ্ঠানে কয়েক লাখ টাকা বকেয়া ছিল বলে তিনি দাবি করেন। দীর্ঘদিন ধরে এসব ঋণ পরিশোধ না করেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতেও একই কারণে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেননি। হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্য গোপনের বিষয়টিও আদালত বিবেচনায় নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মামলা দায়েরের পর তাকে এবং তার আইনজীবীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তবে তিনি বলেন, কোনো চাপ তাকে ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না।

তিনি বলেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে জনগণের অর্থ আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে জনগণ এখন সচেতন। আদালতের এ রায়ের মাধ্যমে একটি বার্তা গেছে যে ঋণ খেলাপীরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি বাধার মুখে পড়বে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, অন্যায়কারীরা প্রভাবশালী হতে পারে, কিন্তু আইনের পথে অটল থাকলে শেষ পর্যন্ত তাদের পরাজয় নিশ্চিত। এটি ব্যক্তিগত বিজয় নয়, বরং জনগণের বিজয় বলেও মন্তব্য করেন তিনি।