স্টাফ রিপোর্টার, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব গোপনের অভিযোগ এনে আদালতে রিট করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে সংশ্লিষ্ট প্রার্থীর ভানুয়াতুর নাগরিকত্ব রয়েছে, যা হলফনামায় উল্লেখ করা হয়নি।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। নির্বাচন কমিশনে আপিলের সময়সীমা পার হওয়ার পর বিষয়টি জানায় আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না। তিনি বলেন, “এলাকার একজন নাগরিক ও ভোটার হিসেবে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে—এমন একজন ব্যক্তির জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন থাকলে আদালতের মাধ্যমে তার নিষ্পত্তি হওয়া উচিত।”
সম্ভাব্য রায় সম্পর্কে তিনি বলেন, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং আদালত যে সিদ্ধান্ত দেবেন সেটিই মেনে নেবেন। বিষয়টি কারও পক্ষে বা বিপক্ষে নয়, বরং আইনসঙ্গত সত্য উদঘাটনই মূল লক্ষ্য বলে জানান তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তার নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড নিয়মিত ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখলের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তিনি জানান, এসব চাপে তারা পিছিয়ে যাবেন না এবং ভোটাররা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন বলে আশা করেন।
প্রশাসনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।





