অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা

স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ হলেও সেগুলো বছরের পর বছর অব্যবহৃত পড়ে রয়েছে।

পরে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন।

একই সঙ্গে আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির সার্বিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নীলফামারীতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় নির্মিতব্য বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহারের ‘প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। উচ্চ দারিদ্র্য হার, সীমিত স্বাস্থ্য অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি উত্তরাঞ্চলের জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করেন স্বাস্থ্য সচিব।