আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্য জরুরি— প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ২৮ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

সাক্ষাৎকালে তিনি নির্বাচনে আইনজীবীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের বিচারব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে এক ধরনের স্বৈরাচারী শাসন কায়েম ছিল, যার ফলে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়ে তোলাই এখন সবার লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা আসন্ন নির্বাচনে পেশাগত মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।