আগামী ফেব্রুয়ারিতেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয়…

ছবি:প্রধান উপদেষ্টার ফেইসবুক থেকে নেয়া।

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য প্রচারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সার্জিও গোর বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন।

অধ্যাপক ইউনূস বলেন, সার্ক দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। অন্তর্বর্তী সরকার এটিকে সক্রিয় করতে কাজ করছে। পাশাপাশি তিনি আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।