আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার, বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটি আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও পৃথক তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের ওই তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

এখন স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ঘটনাটির কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।