আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা, মনোয়ারা হাসপাতালে পরামর্শ

খাদ্য সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন ত্রুটি পাওয়ায় ব্যবস্থা; নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা ডিএসসিসির

স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই দিনে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও অভিযান চালিয়ে কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিন, বিভিন্ন ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করা হয়। এ সময় ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকার জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জরিমানার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সামগ্রিক পরিবেশ উন্নয়ন, রোগীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা দেওয়া হয়।

এদিকে, বেইলি রোডের মনোয়ারা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ডিএসসিসির অঞ্চল-১-এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্যসহ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল, খাদ্য প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের যৌথ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।