ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে

১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০০ সদস্যের মিশনের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে।

এ উপলক্ষে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩টা নাগাদ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক -এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) জনাব মনির হায়দার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিরা মিশনের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, প্রায় ২০০ জন পর্যবেক্ষক নিয়ে গঠিত মিশনের মূল দল ১১ সদস্যের বিশ্লেষক দলসহ গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় পৌঁছেছে।

আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। তারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে মূল দলের কাছে প্রতিবেদন জমা দেবেন। এছাড়া নির্বাচনের কয়েকদিন আগে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকেও আরও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনে অংশ নেবেন।

মিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ও স্বীকৃত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যনির্ভর, সামগ্রিক ও নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে। এতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।