ঢাকা, ৮ অক্টোবর ২০২৫:
ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ১০ মিনিটে।
বৈঠকে দেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান এবং অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল জানায়, তারা সরকার ও নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে। ইইউ একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে এবং নির্বাচনের সব ধাপে গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক সংস্কৃতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছে।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সাফল্যে ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকারের অবদান নিয়েও আলোচনা হয়। ইইউ পক্ষ জানায়, তারা চায় এই অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকুক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হোক।
এছাড়া, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ, সরকার, বিচার বিভাগ ও সাংবাদিকদের স্বাধীনতা শক্তিশালী করতে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়েও জোর দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি, বিতর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়েও আলোচনা হয়। ইইউ প্রতিনিধি দল মনে করে, নির্বাচন কমিশনকে এখন থেকেই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সরকারি সিদ্ধান্ত সম্পর্কে অবগত রাখা ও ভূমিকা রাখার সুযোগ দেওয়া জরুরি, যাতে কোনো বিতর্ক এড়ানো যায়।





