ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর

দুর্নীতি ও ঘুষের রাজনীতি বদলাতে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

দুর্নীতি ও ঘুষের রাজনীতি বদলাতে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার | ৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ হাদি ভাইয়ের স্বপ্ন ছিল একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি ও সমাজব্যবস্থার মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে, মাটি কাটাদের ঘুম হারাম হয়ে যাবে। তারা বুঝে গেছে তাদের গদি নড়ছে। সেই কারণেই তারা এখন ভয়ভীতি দেখাতে শুরু করেছে।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে এখন বড় বড় প্রভাবশালীদের মধ্যে আতঙ্ক ও বিভক্তি স্পষ্ট। “বড় বোয়াল মাছ যখন পুকুরের সব মাছ খেয়ে ফেলে, তখন সে নিজের লেজেই কামড় দেয়। আজ বড় বড় হোমরা-চোমড়াদের মধ্যেও সেই অবস্থা শুরু হয়ে গেছে,” বলেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মরা মানুষ ভোট দেয়—এই সংস্কৃতি আমরা আর রাখতে চাই না। রাজনীতিবিদদের কাছে আপনারা রাস্তা, ঘাট, ব্রিজ চান, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই—রাজনীতিটাকে একটু সহজ করে দিন।”

তিনি বলেন, “ভোটের দিন গাড়ি পাঠানো, অটো পাঠানো—এসবও এক ধরনের ঘুষ। আপনি নিজে ঘুষ খাবেন আর নেতার কাছে আশা করবেন সে পীর সাহেব হবে—এটা এক ধরনের মুনাফিকি। নিজের দায়িত্বে ভোট দিতে হবে।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং তার সততার কারণে। “তিনি কোনো অভিনয় করেননি, কোনো দুর্নীতিতে জড়াননি, ব্যাংকের টাকা লুট করে নির্বাচন করেননি। তিনি মুড়ি-বাতাসা নিয়ে মানুষের কাছে গেছেন—এটাই ছিল তার রাজনীতি।”

তিনি আরও বলেন, “আজও মানুষ নামাজের মোনাজাতে হাদি ভাইয়ের জন্য কান্না করে। অনেকেই তাকে কখনো দেখেনি, কথা বলেনি—তবুও তার জন্য দোয়া করে। কারণ তিনি ছিলেন জেনুইন ও সৎ।”

এনসিপি নেতা বলেন, রাজনীতি মানেই ভোটের আগের রাতে টাকা বিলি করা নয়। “হাদি ভাই আমাদের জন্য একটি বার্তা রেখে গেছেন—রাজনীতি মানে মানুষের পাশে থাকা, সততার সঙ্গে দাঁড়ানো।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব। এর জন্য দরকার জনগণের সচেতনতা, আত্মবিশ্বাস ও সততার রাজনীতি।”

আজ ৮ জানুয়ারি সকালে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

ইনসাফের বাংলাদেশ, হাসনাত আব্দুল্লাহ, এনসিপি, হাদি ভাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষমুক্ত নির্বাচন, রাজনৈতিক সংস্কার

এনসিপি, হাসনাত আব্দুল্লাহ, ইনসাফের বাংলাদেশ, হাদি ভাই, দুর্নীতি বিরোধী রাজনীতি, কুমিল্লা