ঈদযাত্রা নিরাপদে সব সংস্থাকে সমন্বয়ের আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মোসলেহ্ উদ্দিন আহমদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঈদের সময় রাস্তা খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহরকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বিআইডব্লিউটিএ, বিজিএমইএ, বিকেএমইএ, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম ও মো. আনিছুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।