ঈদুল আজহায় পর্যাপ্ত কোরবানির পশু, আমদানির প্রয়োজন নেই

দেশে প্রস্তুত ১ কোটি ২৪ লাখ পশু, দাম থাকবে সহনীয়: মন্ত্রী

স্টাফ রিপোর্টার | ৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এ বছর পশু আমদানির কোনো প্রয়োজন নেই এবং কোরবানির পশুর দামও সহনীয় থাকবে।

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সারা দেশে প্রায় ১ কোটি ২৪ লাখের বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে।

মন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও দেশের বাইরে থেকে কোনো গরু আমদানির অনুমতি দেওয়া হবে না। এ জন্য আগেভাগেই সীমান্তের হাটগুলোর ইজারা বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবে ২৭টি হাট—উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি। নির্ধারিত স্থান ছাড়া কোথাও হাট বসতে দেওয়া হবে না এবং রাস্তাঘাটে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।

মন্ত্রী বলেন, গরু মোটাতাজাকরণের জন্য ক্ষতিকর কোনো ইনজেকশন আমদানির অনুমতি সরকার আগে যেমন দেয়নি, এবারও দিচ্ছে না।

তিনি জানান, অনলাইনে গরু কেনাবেচায় কোনো খাজনা দিতে হবে না। তবে সরাসরি হাট থেকে পশু কিনলে নির্ধারিত হাসলি বা খাজনা দিতে হবে।

কোরবানির পশুর প্রতিটি হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।