স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
সোমবার বিকেল ৩টায় ইউজিসির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স ও মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।





