স্টাফ রিপোর্টার, ১৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পুরোনো ছবি এডিট করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেছেন, তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর কিছু ২০০২ সালে ছাত্রলীগের হামলার সময়কার এবং কিছু ২০২২ সালে নেত্রকোনায় সংঘটিত একটি ঘটনার ছবি। সে সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার ওপর হামলা চালাতে এলে তিনি পানিতে পড়ে যান, আর সেই ঘটনার ছবি এখন ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে।
রাশেদ খান বলেন, “আমি এই মুহূর্তে ঝিনাইদহে অবস্থান করছি এবং নিয়মিত গণসংযোগ করছি। ঝিনাইদহে আমার বিরুদ্ধে এমন কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটত, তাহলে আমি এখন কারাগারে কিংবা পুলিশের হেফাজতে থাকতাম।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত এবং তার রাজনৈতিক প্রতিযোগীরা দেশে ও দেশের বাইরে বসে পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমের নাম বিকৃত করে ছবিগুলো বুস্ট করে প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ঝিনাইদহ-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ চালিয়ে যাওয়া রাশেদ খান বলেন, “মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি, ঝিনাইদহ-২ আসনের মানুষ ও দেশের জনগণ এই গুজবে কান দেবে না।”
তিনি সবাইকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনলাইন ও সরাসরি—সব মাধ্যমেই এসব গুজববাজদের প্রতিহত করতে হবে।





