এই সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল: সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান এ. এম. এম. নাসির উদ্দিন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে একজন সাংবাদিক যখন তফসিল ঘোষণার তারিখ জানতে চান, সিইসি বলেন,
“এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।”
সৌজন্য সাক্ষাতের বিষয় উল্লেখ করে সিইসি বলেন,
“প্রধান বিচারপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। তিনি এ মাসেই অবসরে যাচ্ছেন। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই তাঁর সঙ্গে দেখা করতে এসেছোম।”
এ সময় ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) গঠনের প্রসঙ্গও তোলেন সিইসি। তিনি জানান,
“তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির কাজ যাতে দ্রুত শুরু করা যায়, সে অনুরোধ জানিয়েছি।”
প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন—এমন প্রশ্নে সিইসি বলেন,
“কমিটি ডেপ্লয় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনো অসুবিধা হবে না—তিনি এমন আশ্বাস দিয়েছেন।”
মামলা সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে সিইসি পরিষ্কারভাবে জানান,
“মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।”
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে পৌঁছালে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাঁকে স্বাগত জানান। পরে দুপুর ২টা ৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শুরু হয়।