স্টাফ রিপোর্টার | ২৪ জানুয়ারি ২০২৬ নিউ চ্যানেল বিডি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এটা ঠোঁটের কথা নয়, এটা বুকের কথা। এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করিনি, কোনো দখলদারি করিনি, কোনো দুর্নীতি করিনি। মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি এবং কারো ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেইনি।”
তিনি বলেন, শহীদ পরিবারগুলো ভালোবাসা দিয়ে আমাদের গ্রহণ করেছেন। তাদের উসিলায় আল্লাহ যেন এই এলাকার সব মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা যে আমানতের বোঝা আমাদের কাঁধে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে জীবন দিয়ে লড়াই করতে আমরা প্রস্তুত।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদ ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ। যে বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যোগ্যতা অনুযায়ী জাতি গঠনে অবদান রাখবে। সেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না।
তিনি বলেন, “ওরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, আমরা চাই ন্যায়বিচার। সেই ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যেন আমাদের এই অঙ্গীকার পূরণ করার তৌফিক দেন।”
জামায়াত আমির জানান, ৫ আগস্টের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতিতে জড়াননি। বরং জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, জাতিকে বিভক্ত করতে দেওয়া হবে না। এই বিভক্তির অবসান ঘটাতেই ১০টি দল একত্রিত হয়ে ১০ দলীয় ঐক্য গঠন করেছে।
তিনি আরও বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এই আসনে ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে একজন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট আলেমে দ্বীনকে প্রার্থী করা হয়েছে, যিনি সারা দেশের মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য।
ডা. শফিকুর রহমান বলেন, ওই প্রার্থীর পাশে থাকার অর্থ বাংলাদেশের পাশে থাকা, যুবকদের প্রত্যাশার পাশে থাকা এবং মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের ঠিকানার পাশে থাকা। তিনি বলেন, “জীবন যেতে পারে, কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখা হবে না।”
বক্তব্যের শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং দেশ ও জাতির জন্য দোয়া চান। একই সঙ্গে শহীদ আবু সাঈদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, শহীদ পরিবারের সবচেয়ে বড় সম্মান ও নিরাপত্তা হবে তাদের মাথার পাশে রাখা। “ইনশাআল্লাহ, এটা শুধু কথা নয়, বাস্তবেই আপনারা তা দেখতে পাবেন,” বলেন জামায়াত আমির।





