স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন নির্বাচনকে দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে জনগণের রায় হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।”
রোববার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি জনগণের কাছে ভালোবাসা নিয়ে এসেছেন এবং প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইতেও প্রস্তুত। তার ভাষায়, “চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে কিংবা রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটাই বেশি সম্মানের।”
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে দেশকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। “আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদের সহায়তা করুন—এই নির্বাচন যেন সত্যিকার অর্থে পরিবর্তনের নির্বাচন হয়,” বলেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, দেশের রাজনীতিকে কলুষিত করা চাঁদাবাজ ও ঋণখেলাপিদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করতে হবে।





