স্টাফ রিপোর্টার, ১৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও সরকার করবে। তিনি বলেন, “সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সুস্থতার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে।”
ওসমান হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশপ্রেমে উদ্বুদ্ধ ও বিপ্লবী মানসিকতার মানুষ। বিদ্রোহী কবিতা আবৃত্তি ছিল তাঁর প্রিয়। তিনি আরও বলেন, হাদির একটি ১০ মাসের সন্তান রয়েছে এবং পরিবারে তিনি মেরুদণ্ডের মতো। “ওর অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার—যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে,” বলেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পর অনেকেই বাড়ি ফিরে গেলেও ওসমান হাদি ফেরেননি; তিনি জুলাই বিপ্লবকে ধারণ করে দিনরাত কাজ করে গেছেন। হামলাকারীর জামিনপ্রাপ্তির বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
এদিকে, জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, এ নৃশংস হামলার সঙ্গে জড়িতদের পুরো চক্র চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।





