স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ওসমান হাদীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদী বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন এবং এ বিষয়ে গত ডিসেম্বরে শাহবাগ থানায় একটি জিডিও করা হয়। হামলার প্রায় এক সপ্তাহ আগেও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিদাতাদের নম্বর প্রকাশ করেছিলেন।
সংগঠনের দাবি, হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো নিজ উদ্যোগে সিসিটিভি ফুটেজ সংগ্রহ বা হামলাকারীদের পালানোর পথ শনাক্তে কার্যকর ভূমিকা রাখেনি। বরং ভুক্তভোগী পক্ষই বিভিন্ন ফুটেজ শনাক্ত করে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে বলে অভিযোগ করা হয়। তারা জানায়, ঘটনার পর রাত ২টার দিকে সিআইডির একটি টিম হাসপাতালে আসে, যা একজন খুনির পালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় বলে তারা মনে করে।
ইনকিলাব মঞ্চ আরও অভিযোগ করে, গোয়েন্দা সংস্থার ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না। সংগঠনটি দাবি করে, সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে—হামলাকারী সম্ভবত প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে।
এ প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানায়, যদি সত্যিই হামলাকারী ভারতে পালিয়ে থাকে, তবে দ্রুত ভারতের কাছে তাকে হস্তান্তরের দাবি জানানো হোক। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলে, ভারত যদি এ বিষয়ে অসহযোগিতা করে, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধের জন্য দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনটি বহির্বিশ্বের প্রতিও আহ্বান জানিয়ে বলে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো কণ্ঠে অবস্থান নিতে হবে।





