করাপশন ফ্রি ও গুড গভর্নেন্সভিত্তিক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরল জামায়াতে ইসলামী

সরকার গঠন করতে পারলে স্বচ্ছতা, জিরো টলারেন্স দুর্নীতি দমন, শিক্ষা-স্বাস্থ্য ও বিনিয়োগবান্ধব নীতির অঙ্গীকার

স্টাফ রিপোর্টার ২০ শে জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় কী ধরনের নীতি অনুসরণ করা হবে, সে বিষয়ে একটি পলিসি পেপারের মাধ্যমে প্রাথমিক রূপরেখা তুলে ধরেছে। দলটির লক্ষ্য একটি করাপশন ফ্রি, সমৃদ্ধ ও গুড গভর্নেন্সভিত্তিক বাংলাদেশ গড়া বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ তাহের।

তিনি বলেন, এই পলিসি পেপারের মূল ফোকাস হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের জন্য একটি বিনিয়োগবান্ধব ও সহায়ক পরিবেশ তৈরি করা হবে।

নারীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের ভোকেশনাল ও কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলসহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঢাকায় এসে ভিড় করতে বাধ্য না হয়।

স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে জিডিপির যে ৩ থেকে ৪ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে, তা বাড়িয়ে ৬ থেকে ৮ শতাংশে উন্নীত করা হবে। একই সঙ্গে শিক্ষা বাজেট বাড়ানো হবে এবং স্মল ও মিডিয়াম এন্টারপ্রেনারশিপ গড়ে তুলে আত্মনির্ভর অর্থনীতি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

কৃষি খাতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে রপ্তানিযোগ্য অবস্থানে নেওয়ার লক্ষ্য রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এমন একটি দেশ গড়া হবে, যেখানে একজন নারীও রাতে নির্ভয়ে চলাচল করতে পারবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৬ বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল, তা অতিক্রম করে ৫ আগস্টের গণআন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়া হবে। সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন থেকে সব দেশের সঙ্গে সমান সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হবে।

জামায়াতে ইসলামীকে নিয়ে দেশ-বিদেশে যে ভুল ধারণা ও অপপ্রচার ছিল, তা অনেকটাই দূর করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ মুসলিম ও অমুসলিম বিভিন্ন দেশের কূটনীতিকদের এই বৈঠকে উপস্থিতি প্রমাণ করে যে জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হবে।

এই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা জনাব মোহাম্মদ তাহের।