কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত, সরকারের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ

ভারতীয় আধিপত্যবাদ ও ‘নির্বাচন বাঞ্চালের প্যাকেজ প্রোগ্রাম’-এর অংশ হিসেবে হামলার দাবি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেলে এক গণজমায়েতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গণজমায়েতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বক্তব্য দেন।
তিনি বলেন, ওসমান হাদি শুধু একটি সংগঠনের মুখপাত্র নন, তিনি ভারতীয় আধিপত্যবাদবিরোধী জনতার ঐক্যের প্রতীক। তফসিল ঘোষণার পরদিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ করার ঘটনা কোনোভাবেই ‘বিচ্ছিন্ন ঘটনা’ হতে পারে না।
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ হামলা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তার দাবি, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। তিনি একে ‘নির্বাচন বাঞ্চালের প্যাকেজ প্রোগ্রাম’ হিসেবে আখ্যা দেন।
গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হামলার কয়েক দিন আগেই ওসমান হাদি প্রকাশ্যে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ার পরও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এটিকে তিনি গুরুতর ‘ইন্টেলিজেন্স ফেলিউর’ বলে উল্লেখ করেন এবং সরকারের জবাবদিহি দাবি করেন।
তিনি আরও বলেন, জুলাই ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলা সরকারের ব্যর্থতার প্রমাণ। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত থানাগুলোতে সশস্ত্র অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও গ্রেপ্তার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সশস্ত্র আওয়ামী সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।
বক্তব্যের শেষাংশে মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বাঞ্চাল করে বাংলাদেশকে কোনো বিদেশি আধিপত্যের অধীন নেওয়ার চেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না।