ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ—ঐক্যের আহ্বান জানালেন হাবিব

রাজনীতিতে উদারতা ও ভালো কাজের পাশে থাকার অঙ্গীকার, উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ক্ষমতা নয়, দেশ ও জনতাই সর্বাগ্রে—এমন আহ্বান জানিয়েছেন হাবিব। তিনি বলেন, “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

হাবিব বলেন, বাংলাদেশকে সম্মিলিতভাবে গড়তে চাইলে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরই সবচেয়ে বেশি উদার হতে হবে। নিজেদের কর্মকাণ্ড, আচরণ ও কথাবার্তার মাধ্যমে এমন মানুষদের সামনে নিয়ে আসতে হবে, যারা রাজনীতির বাইরে থেকেও দেশসেবা ও দেশ গঠনে কাজ করতে চান।

তিনি বলেন, আগামী দিনে দেশের মানুষের জন্য ও এলাকার উন্নয়নের জন্য যে কোনো ভালো উদ্যোগ নেওয়া হলে ইনশাআল্লাহ তিনি তার পাশেই থাকবেন। “আমরা ভালো কাজের সঙ্গে থাকতে চাই, ভালো কাজ করতে চাই এবং আগামী প্রজন্মের জন্য একটি উপযোগী ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই,”—বলেন তিনি।

হাবিব আরও বলেন, “আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের পাশেই থাকবো। এই কলেজের উন্নয়নসহ যেকোনো জনকল্যাণমূলক কাজেই আমরা সহযোগিতা করবো এবং আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার পথে সবাইকে দুটি স্লোগানে উদ্বুদ্ধ হতে হবে— “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ” এবং “গর্ব কাজ, গর্ব দেশ—সবার আগে বাংলাদেশ।”