স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। আসন্ন গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রতিটি ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে।
বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিদ্যমান সংবিধানিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী, আইনসভা ও রাজনৈতিক দলের সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত। এই একক ক্ষমতাকেন্দ্রিক ব্যবস্থার কারণেই ক্ষমতাসীনদের ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়। এ বাস্তবতা থেকেই জুলাই সনদে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় এবং সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলগুলোর অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে।

গণভোটে সরকারের পক্ষ থেকে প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক হিসেবে আলী রীয়াজ বলেন, ভোটের দিন গোলাপি রঙের ব্যালটে ‘টিক’ চিহ্নে সিল দিয়ে জনগণকে একটি ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা ও সুশাসিত বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, যারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা মূলত ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান করছে। তিনি বলেন, বিগত ১৬ বছর সাংবিধানিক কাঠামোর মধ্যেই একটি দানবীয় শাসনব্যবস্থা তৈরি করা হয়েছিল। বিদ্যমান সংবিধানের গুরুতর ত্রুটির কারণেই দেশ বারবার ফ্যাসিবাদের হাতে জিম্মি হয়েছে। জুলাই সনদ ও গণভোটকে ব্যর্থ করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে গড়ে না ওঠার কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা বারবার মর্যাদাহানির শিকার হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মচারীরা গণভোটের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তর করতে হলে গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা সবার দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
#গণভোট #জুলাইসনদ #আইনসভারউচ্চকক্ষ #সুশাসন #রাষ্ট্রসংস্কার #রংপুর #ক্ষমতারভারসাম্য #সংবিধানসংশোধন #নিউজচ্যানেলবিডি





