গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত; দ্রুত ঐক্যমতের আহ্বান

উপদেষ্টা পরিষদের সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা

ফাইল ছবি

Posted by:

on

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫ :নিউজ চ্যানেল বিডি,

জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আজ উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ (সংবিধান সংস্কার) আদেশের চূড়ান্তকরণ, গণভোট আয়োজন এবং এর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় জাতীয় ঐক্যমত কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

তবে সভায় লক্ষ্য করা হয়, দীর্ঘদিন আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ভিন্নমত রয়ে গেছে। বিশেষ করে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে— এসব প্রশ্নে মতভেদের কারণে সভা উদ্বেগ প্রকাশ করে।

সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, গণভোটের সময় নির্ধারণ, বিষয়বস্তু চূড়ান্তকরণ এবং জুলাই সনদে উল্লিখিত ভিন্নমতের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে— এসব বিষয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবের আলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে— সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে— সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই, সেটিও সভায় জোর দিয়ে উল্লেখ করা হয়।

সভায় আরও জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প অপরিবর্তিত রয়েছে।