স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারসহ গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জহির উদ্দিন স্বপন বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বৈশ্বিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এবং এসব আলোচনার ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা কামনা করেন তিনি।
অন্যদিকে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত বৃত্তি দিয়ে থাকে, যা দেশের তরুণ সমাজের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।
বৈঠকে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। এ বিষয়ে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল জানায়, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





