স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বরিশাল: প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে নারিকেল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে তিনি খালের পাড়ে পৌঁছান। বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত স্থানীয়ভাবে পরিচিত ‘বাটাজোর’ খালটি পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়ে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খালের এক পাশে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। এ সময় তিনি হাত নেড়ে গ্রামবাসীর শুভেচ্ছার জবাব দেন।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী নারিকেল ও নিমের চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।”
তিনি আরও বলেন, “শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।”
বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। গৌরনদীর কর্মসূচি শেষে তিনি সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।





