গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ২৫ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বেইজিং, চীন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। পরে শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।

অভিবাদন মঞ্চে চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয় এবং পরে দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান। সফর শেষে তিনি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনের কর্মসূচি শেষ করে বুধবার বিকেলে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিং পৌঁছান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং সে সময়ও গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনায় উপস্থিত ছিলেন।