চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী

হিন্দু সম্প্রদায় বিএনপিকে গ্রহণ করেছে, সম্প্রীতির রাজনীতি অব্যাহত থাকবে বলে মন্তব্য

স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া বা ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেন, আমরা সমাধান করব।’

মন্ত্রী আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল-পাহাড়ি সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করা হবে।

এদিকে নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন, তারা তাকে ভোট দিয়েছেন এবং তিনি ইতোমধ্যে তাদের দাবি পূরণ করা শুরু করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর তারা নিরাপদে বসবাস করছেন।

নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে। সেই প্রেরণা থেকেই এখানে এসেছি। এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো বাস্তবায়ন করা হবে।’