চারদিনের চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফর শেষে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা

স্টাফ রিপোর্টার | ২৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচা অতিক্রম করে বিমানে আরোহন করেন।

গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন।

পরে বুধবার দুপুরে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হন।