স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সরকার নতুন একটি কারাগার স্থাপন করবে। তবে এ প্রকল্পের কারণে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মধ্যে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে এবং সেখানে কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৭ বছর ধরে আলীনগর-জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। পরিকল্পিত ও যৌথ অভিযানের মাধ্যমে এলাকাটি পুরোপুরি সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি বেতুয়া ও চা-বাগান এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চার ধরনের অপরাধ নির্মূলে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জুয়া নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ১৮৬৭ সালের প্রচলিত জুয়া আইন দিয়ে আধুনিক অনলাইন ও অফলাইন জুয়া কিংবা বেটিং কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে আইনি সংস্কারের চেষ্টা করা হবে।
মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হাজার হাজার মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নতুন আইনি কাঠামো প্রয়োজন।
কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইনের কিছু ফাঁকফোকর ব্যবহার করে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে এবং পরে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এ কারণে কিশোর অপরাধ মোকাবিলায়ও আইনি সংস্কার জরুরি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শাহাদাত হোসেন, মো. আলী হোসেন ফকির, আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।





