জনপ্রশাসন সংস্কার কমিশন শিগগিরই: নজরুল ইসলাম খান

জনপ্রশাসনকে দলীয়করণ থেকে বের করে আনতে কাজ চলছে

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, প্রশাসনিক সংস্কার কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দূর না করে কমিশন গঠন করা হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এ কারণে কিছুটা সময় লাগছে। তবে শিগগিরই কমিশন গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, নির্বাচনী ইশতেহারে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার সেই অবস্থান থেকে সরে আসেনি। বরং সেই লক্ষ্যেই কাজ চলছে।

তিনি বলেন, এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। আগের সরকারের অনুগত কিছু ব্যক্তি এখনো প্রশাসনে রয়েছেন। তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জায়গা থেকে সরিয়ে প্রশাসনকে দলীয়করণমুক্ত করার চেষ্টা ধারাবাহিকভাবে চলছে।

ইসমাইল জবিহউল্লাহ বলেন, দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনপ্রশাসন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেটিও পর্যালোচনা করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে।

এদিকে গণমাধ্যম কমিশন গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় তারা সরকারি নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত পরিবেশের প্রশংসা করেছেন। এই ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যম কমিশন গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অংশীজনদের সঙ্গে বৈঠক প্রায় শেষ হয়েছে। এরপর একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তারা জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) খসড়া তৈরি করবে। পরে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানের শুরুতে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।