জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
ভারী বর্ষণ ও ধসের কারণে ডোডা, রেসি, কিস্তওয়ার, রামবান এবং বারামুলা জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, ধসে বহু বাড়ি ধ্বংস হয়েছে।
শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক তিন দিন ধরে বন্ধ থাকায় পুরো অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গতদের জন্য জরুরি ত্রাণ শিবির খোলা হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ—খাদ্য, পোশাক ও চিকিৎসা সহায়তার মারাত্মক সংকট রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, কুপওয়ারায় পানির স্তর কিছুটা কমে এলেও বহু বাড়ি এখনও হাঁটু সমান পানিতে নিমজ্জিত।
সরকারি ও বেসরকারি সহায়তা দ্রুত না পৌঁছালে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।





