ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানিয়েছেন, খুব শিগগিরই তারা এ বিষয়ে একটি প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর (রোববার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের একটি হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদকে দেখতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, বরং এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা। তাই মৌলিক সংস্কারগুলো দ্রুত চূড়ান্ত করা জরুরি। একই সঙ্গে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই।”
বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।





