জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন: তথ্যমন্ত্রী

সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় যুগোপযোগী নীতিমালা; অপসাংবাদিকতা রোধে আইনি কাঠামো তৈরির উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী—সব পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই-আগস্টের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে। একই সঙ্গে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলো আইনি কাঠামোর আওতায় এনে বিচার করার ব্যবস্থাও করবে এই কমিশন।

মঙ্গলবার সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের সময়মতো বেতন প্রদান এবং অপেশাদার আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি সংবাদপত্র মালিকদের পৃষ্ঠপোষকতা দেওয়াও সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই সাংবাদিক ও মালিকপক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য একটি সুনির্দিষ্ট ও কার্যকর আইনি কাঠামো তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, সম্পাদক পরিষদের বৈঠকে মিথ্যা মামলার পাশাপাশি অপসাংবাদিকতা ও তা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির বিষয়ও আলোচনায় এসেছে। প্রচলিত আইনে এসব কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করার স্পষ্ট ধারা না থাকায় অনেক সময় অন্য আইন ব্যবহার করতে হচ্ছে। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন এ সীমাবদ্ধতা দূর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডা. জাহেদ উর রহমান, মো. ইয়াসীন এবং সৈয়দ আবদাল আহমদ।

এসময় তথ্যমন্ত্রী জানান, সরকার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস আমদানিতে উৎসাহ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে যানজট ও পরিবেশ দূষণ কমানো সম্ভব হয়।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা বা পাকিস্তানের পক্ষে গণমাধ্যম ব্যবহারের মতো অপরাধগুলোও ভবিষ্যতে আইনি কাঠামোর আওতায় আনার বিষয়ে কমিশন কাজ করবে।