ডাকসু নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর সকাল ৮টায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ (২৬ আগস্ট) থেকে। আগামী…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ (২৬ আগস্ট) থেকে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল আটটায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

প্রচারণা চলাকালীন প্রার্থীদের কঠোরভাবে নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে। এ সময়ে সামাজিক, আর্থিক বা সেবামূলক কোনো সহযোগিতা কিংবা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। ক্যাম্পাস বা হলে মাজলিশ-মাহফিল আয়োজন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানো নিষিদ্ধ থাকবে। এসব লঙ্ঘন করলে ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

জানা গেছে, মূলত চারটি উপায়ে নিজেদের বক্তব্য ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। এর মধ্যে রয়েছে— অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, পোস্টার-লিফলেট বিতরণ, ব্যানার ব্যবহার এবং হলে বা একাডেমিক ভবনের সামনে সরাসরি প্রচারণা।

এদিকে, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলিয়াস সিজার তালুকদার এবং একই সংগঠনের আরেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ পর্যালোচনার জন্য গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে প্রার্থিতা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।