স্টাফ রিপোর্টার, ১৮ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল ২০২৬ থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা প্রতি লিটার, যা আগের তুলনায় ১৫ টাকা বেশি। অকটেনের দাম হয়েছে ১৪০ টাকা প্রতি লিটার, বেড়েছে ২০ টাকা। পেট্রোলের নতুন দাম ১৩৫ টাকা প্রতি লিটার, যা আগের তুলনায় ১৯ টাকা বেশি। এছাড়া কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা প্রতি লিটার, যা ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের বিস্তারিত মূল্য কাঠামোও পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে এস-রিফাইনারির কর-উত্তর মূল্য, ব্যবসায়ী পর্যায়ে মুনাফা, তেল বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া তহবিল, বিপিসির উন্নয়ন তহবিল এবং ডিলার কমিশনসহ বিভিন্ন খাতের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।
মূল স্থাপন কেন্দ্র মূল্য নির্ধারণের পাশাপাশি দেশের বিভিন্ন ডিপো যেমন ঢাকা, ফতুল্লা, বাঘাবাড়ী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ডিপো মূল্যও একই কাঠামোর আওতায় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ভাড়া ২০২৩ সালের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক।





