স্টাফ রিপোর্টার | ১ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় করণীয় বিষয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোনো ধরনের কালক্ষেপণ না করে পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন এলাকায় আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করবে Society of Medicine। এছাড়া UNICEF-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এ কার্যক্রমে সহায়তা করছে। আগামীকাল থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি জানান, রিএজেন্ট, টেস্টিং কিট, ফ্লুইড স্যালাইনসহ প্রয়োজনীয় কিছু উপকরণ ইতোমধ্যে মজুত রয়েছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আরও উপকরণ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর উৎসস্থল নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মাস আগে থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে।
বৈঠকে ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু সংক্রান্ত গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ড. এম এ মুহিত, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





