ঢাকার যানজট নিরসনে সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল সমীক্ষার নির্দেশ

১০৫ কিলোমিটার সড়ক ‘জিরো সিগন্যাল’ পরিকল্পনায়, ডিএমপি-কে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ

স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানী ঢাকা শহরের যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-কে নির্দেশ দিয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে বলা হয়, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। এ লক্ষ্যে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত মডেল অনুযায়ী, ঢাকার উত্তর-দক্ষিণমুখী ৫টি এবং পূর্ব-পশ্চিমমুখী ৩টি প্রধান সড়কসহ মোট ১০৫ কিলোমিটার রাস্তা এই ব্যবস্থার আওতায় আনা হবে। এতে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে ৩৭টি গুরুত্বপূর্ণ স্থানে ওভারপাস, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ ও ইউ-লুপ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ওয়াকওয়ের ব্যবস্থাও রাখা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ১২ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল টেকনিক্যাল উপকমিটির সভায় অংশীজনদের মতামতের ভিত্তিতে স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশ প্রণয়ন করা হয়।

উল্লেখিত সুপারিশসমূহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ‘সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের আগে বাংলাদেশ পুলিশকে একটি পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি-কে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পুরো কার্যক্রম তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চিফ ইনোভেশন কর্মকর্তা আবদুল্লাহ হাককানীকে ফোকাল পারসন হিসেবে মনোনীত করা হয়েছে।