স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-৮ আসনের সংসদীয় প্রার্থী বলেছেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেননি। বর্তমানে তিনি শুধুমাত্র নিজের নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সৌজন্য সাক্ষাৎ করছেন।
মির্জা আব্বাস বলেন, “আমরা এখনো ফরমাল নির্বাচনের প্রচার শুরু করিনি। যেহেতু আমি এলাকায় থাকি, তাই এলাকাবাসীর সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা বলছি—এই পর্যন্তই। ভোট প্রার্থনা করছি না, ভোটও চাইছি না।”
তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করছি, কিছু প্রার্থী ইতোমধ্যেই নিয়মিতভাবে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমি সেই পথে যাচ্ছি না।”
নির্বাচনী প্রচার প্রসঙ্গে তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচার শুরু হলে তখন যথাযথভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। “যখন নির্বাচন প্রচার শুরু হবে, তখন ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে আমাদের কাজ শুরু করব,” বলেন তিনি।
এদিকে ব্যালট পেপার নিয়ে গুরুতর আপত্তি তুলে ধরেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে ব্যালট পেপার তিনি দেখেছেন, তা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে। তার ভাষায়, “সিল মারার পর ব্যালট পেপার কনফিউজিং হয়ে যেতে পারে। এটা নির্বাচন কমিশনের ইমিডিয়েটলি ঠিক করা উচিত।”
তিনি আরও বলেন, ব্যালট পেপার সংশোধন না করে অন্যান্য বিষয় নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হবে না। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি যেন দ্রুত পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে।
নিজের বিরুদ্ধে সমালোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “যারা দুর্বল প্রার্থী, তারা সফল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব বিষয় আমি খুব একটা গায়ে মাখছি না।”
তিনি উল্লেখ করেন, এর আগেও তিনি একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং এ ধরনের পরিস্থিতি তার কাছে নতুন নয়।





