ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ :
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারবে না।”
প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের শক্তিই জাতির চালিকাশক্তি। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের অবদান উল্লেখযোগ্য। তিনি তরুণদের ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল মানবকল্যাণেই নয়, বরং আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, “আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য নতুন আহ্বান। আরও সাহসী হও, নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা নিয়ে কাজ করো।”
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং পুরস্কারপ্রাপ্ত সুরাইয়া ফারহানা রেশমা বক্তব্য রাখেন। এ সময় ১২ তরুণকে সম্মাননা প্রদান করা হয়।




