তারেক রহমান: “বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণ-আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়া সম্ভব”

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ-আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। আজ (বৃহস্পতিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে বিশদভাবে মত প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রতিটি…

ফাইল ছবি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ-আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আজ (বৃহস্পতিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে বিশদভাবে মত প্রকাশ করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটারের আস্থা অর্জন করা বিএনপির অন্যতম দায়িত্ব। এ জন্য তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দলের সংযোগ জোরদার করা হচ্ছে এবং সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা হচ্ছে।

তারেক রহমান জানান, শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার কেউ পদচ্যুত হয়েছেন।

তিনি বলেন, “নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে যে দলটি সততার বিষয়ে আন্তরিক। আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করাই।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, নতুন যুগের চাহিদা মেটাতে বিএনপি আধুনিকায়ন, স্বচ্ছতা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবন—এই পাঁচটি খাতকে গুরুত্ব দিয়ে বিএনপি ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করেছে। এতে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো হবে।

তারেক রহমান বলেন, “তরুণরা চায় বাস্তব সুযোগ, জনগণ চায় স্থিতিশীলতা, আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশা পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

শেষে তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।